দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সুরভী পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— মোস্তকিন (১৮), তাওহিদ (১৮) ও সৌরভ (১৭)। মোস্তকিনের বাড়ি ধামসর গ্রামে। তাওহিদ ও সৌরভের বাড়ি আটিপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় তিন তরুণ একটি মোটরসাইকেলে করে আটিপাড়া রাস্তার মাথা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী সুরভী পরিবহনের বাসটির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত সুরভী পরিবহনের বাসটি ও নিহত তিনজনের লাশ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, সুরভী পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর বাসটি ও তিনজনের লাশ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়। দুর্ঘটনার কারণ এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া হাইওয়ে পুলিশ দেখছে।