
নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের দফতর সম্পাদক আশরাফুল ইসলাম খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সালমান রহমান পল্লবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭ মে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সালমান রহমান পল্লবকে ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
এবারের বহিষ্কারের বিষয়ে পল্লবের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কী ধরনের অভিযোগ রয়েছে, বিজ্ঞিপ্তিতে তার বিস্তারিত উল্লেখ করা হয়নি।








