দুর্ভোগ ,কাঁচা রাস্তা
তিন দশকেও সংস্কার হয়নি কাঁচা রাস্তা। নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দা দীর্ঘ তিন দশকেও সংস্কারের ছোঁয়া লাগেনি প্রায় তিন শত ফুট দীর্ঘ একটি কাঁচা রাস্তায়। উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের এ সড়কটি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১০০ পরিবারের বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, কোদালিয়া বোর্ড অফিসের পাকা সড়ক থেকে শুরু হয়ে ঠাকুরবাড়ি জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত প্রায় ৩০০ ফুটের রাস্তাটি এখনো কাঁচা রাস্তা। বর্ষাকালে বৃষ্টির পানি জমে রাস্তাটিতে কাদা তৈরি হয়। ফলে পায়ে হেঁটেও চলাচল কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। কাদায় পিছলে পড়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনাও ঘটছে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩০ বছর ধরে রাস্তাটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসছেন তারা। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও পরে আর কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বছরের পর বছর দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

স্থানীয় সমাজসেবক সাইফুর রহমান বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। পাশাপাশি সরকারি উদ্যোগে দ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানায়, রাস্তাটি শুধু স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্যই নয়, ঠাকুরবাড়ি জামে মসজিদে যাতায়াতের জন্যও গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসানে দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জন্য উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।