
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন কুতুবপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো: ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে থানার আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার মরহুম চাঁন মিয়ার ছেলে এবং কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ব্যবসায়িক অংশিদারের পাশাপাশি তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় গ্রেফতার ফিরোজ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।








