ট্রোম্যান খীসার মৃত্যুতে নৌবাহিনীর গার্ড অব অনার
ট্রোম্যান খীসার মৃত্যুতে নৌবাহিনীর গার্ড অব অনার। নয়া দিগন্ত

দক্ষিণ সুদানে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া ট্রোম্যান খীসার লাশ নিজ বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরিপাড়ায় পৌঁছেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সাথে তার লাশ এলাকায় পৌঁছালে স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ট্রোম্যান খীসাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর নৌ-কর্মকর্তা ও নৌসেনারা উপস্থিত ছিলেন।

এছাড়া নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ স্থানীয় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্রোম্যান খীসার লাশ এলাকায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে রামহরিপাড়ায় স্বজন ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ।

স্থানীয়রা জানান, ট্রোম্যান খীসার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এদিকে নৌবাহিনীর গার্ড অব অনার শেষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ পরিষদ, মহাপূরম উচ্চ বিদ্যালয় ও নৌবাহিনীতে কর্মরত পাহাড়ের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

উল্লেখ্য, দক্ষিণ সুদানে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় ২০ সেপ্টেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসার মৃত্যু হয়।