
কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে এবং প্রকৃত কৃষকদের সরকারি প্রণোদনা ও সুবিধা সহজ করার লক্ষ্যে আগামী ১ অক্টোবর চালু হচ্ছে ডিজিটাল ‘কৃষক কার্ড’।
এই কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলা এলাকার স্থানীয় কৃষকদের সাথে অনলাইনে সরাসরি কথা বলবেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনবেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকদের সঠিক তালিকা তৈরি, তাদের নিকট সরকারি আর্থিক অনুদান ও কৃষি উপকরণ পৌঁছানো এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এই কৃষক কার্ড ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কৃষকরা সরাসরি ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন।
ঠাকুরগাঁও সদরের কৃষি অফিসার নাসিরুল আলম জানান, ডিজিটাল এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক তার প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও ভর্তুকি সরাসরি পেয়ে যাবেন। ১ অক্টোবরের উদ্বোধনী অনুষ্ঠানে রুহিয়ার কৃষকদের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার এই উদ্যোগ স্থানীয় কৃষি সম্প্রদায়ের মাঝে বেশ সাড়া ফেলেছে।








