
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেফতারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার চারজন, পূর্বের মামলার তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন ও মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।
ওসি আতিকুর জানান, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয় আসামির মধ্যে চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








