
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত ৩০ জুন দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর সফু সরকার বাড়ির লোকজন এলাকা ছেড়ে যান।
এরই জেরে সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের পাঁচ থেকে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াছিন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ওসি আ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








