ডেঙ্গু, মৃত্যু, হাসপাতাল, সিলেট
এডিস মশা। প্রতিকী ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে তিন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শনাক্ত ৩৯৮ জনের মধ্যে হবিগঞ্জে ১৭২ জন, সুনামগঞ্জে ৮৫ জন, সিলেটে ৮৭ জন ও মৌলভীবাজারে ৪১ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত রয়েছেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।