লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাক ও অটোরিকশা। নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রামে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ছয়জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িমারী স্থলবন্দরের পাশের ঘুন্টি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বুড়িমারীর ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মজিদ কারিগরের ছেলে মাছ ব্যবসায়ী নুর আমিন (৩৫) এবং বুড়িমারী বাজারের হাফিজার রহমানের ছেলে ফাতুল (৩৫)। তারা দুজনই মাছ ব্যবসার সাথে জড়িত।

এ ঘটনায় নিহত অপর ব্যক্তি বুড়িমারী গুডিয়াটারীর আবুল হোসেনের ছেলে সাইফুলের (২৮) নাম জানা গেছে। তিনি অটোরিকশা চালাতেন।

স্থানীয়রা জানায়, সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ডাম্প ট্রাক। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির একটি চাকা বিকট শব্দে ফেঁটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।