মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, নবীনবরণ
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মাউশি পরিচালক। নয়া দিগন্ত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: দিদার চৌধুরী বলেছেন, ‘তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মেধার রাজ্যে বিচরণ করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের প্রসারের এই যুগে প্রযুক্তিকে মানবতার কল্যাণে ব্যবহারের মানসিকতা তৈরি করতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, ভালো মানুষ হওয়াকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে।’

রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট জালালাবাদ কলেজ আয়োজিত একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ড. দিদার চৌধুরী বলেন, ‘আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তাই তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল অর্জন সম্পর্কে জানাতে হবে। তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে।’

জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জীর সভাপতিত্বে নগরীর সোবহানীঘাটস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির। প্রভাষক ছাদিক আহমদ রুবেল ও জামিল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর আয়েশা বেগম এবং পৌরনীতি ও সুশাসনের প্রভাষক মো: নজরুল ইসলাম।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা আক্তার, ফাহিমা সুলতানা চৌধুরী, তাহসিন সিদ্দিকা, সাজিদুর রহমান মুরাদ, সাদিক আহমদ রুবেল, মোহাম্মদ বেলাল আহমদ, জামিল আহমদ, মো: মোশাহিদ আলী, ইসরাত জামান নৌমিন, শর্মিষ্ঠা দাস, মুহাইমিন বেলাল ইফাত, মো: তাইওবুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।