
কুমিল্লার দেবিদ্বারে ভবন উদ্বোধন করতে এসে উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনদের একটি বড় অংশ প্রথাগত চাটুকারিতা ও ব্যক্তিপূজার সংস্কৃতির বিরুদ্ধে এটিকে একটি ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে কিছু সমালোচক বিষয়টিকে রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল বলেও মন্তব্য করেছেন।
এর আগে শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকার রাধানগর উচ্চ বিদ্যালয়ের একটি নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে এ ঘটনা হয়।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে ভবনটির নামফলক উন্মোচনের আগমুহূর্তে তিনি ফলকে নিজের নাম দেখতে পান। এ ঘটনায় তিনি ভবনটি উদ্বোধন করতে আপত্তি জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ঘটনাস্থলে আয়োজকদের উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, ‘জনগণের করের টাকায় নির্মিত কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি আমি সমর্থন করি না। জনপ্রতিনিধি বা নেতাদের আত্মপ্রচারের জন্য আমি নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধের ওপর জোর দিচ্ছি।’
অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুতই নামফলকটি পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে।
এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রথাগত রাজনীতির ব্যক্তিপূজা বা আত্মপ্রচারের সংস্কৃতি নতুন বাংলাদেশে দেখতে চাই না। জনগণের টাকায় উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়, তাই নামফলকে ব্যক্তি বিশেষের নাম না রেখে কেবল দেশের নাম বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত। ভবিষ্যতে আমার নির্বাচনী এলাকার কোনো উন্নয়নমূলক কাজের ফলকে যেন ব্যক্তির নাম ব্যবহার করা না হয়, সেই বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।’








