
ভোলার চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের একটি ডোবা থেকে বাসার পণ্ডিত (৩৫) নামে এক যুবকের গলা ও পেটকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাসার পণ্ডিত নজরুলনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সালমা নামে এক নারী ফোন করে বাসারকে তার বাড়িতে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ (রোববার) দুপুর ১২টার দিকে সালমার বাড়ির সামনের কচুরিপানায় ভরা ডোবা থেকে গলা ও পেটকাটা অবস্থায় বাসারের লাশ দেখতে পান স্থানীয়রা।
লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সালমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করলে চরফ্যাশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় সালমা ও সাইদুর রহমান নামে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।








