
চট্টগ্রামের ফটিকছড়িতে কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে রোববার (২৭ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় পরবর্তী সমন্বয়ের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
বেলা ১১টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মূল বৈঠক শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত দলের প্রতিনিধিরা সকাল ৯টার দিকে বাবুনগর মাদরাসায় আসতে শুরু করেন এবং সকাল ১০টায় উপকমিটির সদস্যদের নিয়ে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ঐক্যপ্রক্রিয়ার সাথে যুক্ত সাতটি দলের পক্ষ থেকে পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠকে সাত দলের পক্ষ থেকে আগে দেয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে উপকমিটির তৈরি করা খসড়া রূপরেখা উপস্থাপন করা হয়। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে খসড়ার বিভিন্ন দিক নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা চলছিল। প্রয়োজন হলে খসড়ায় সংশোধন, সংযোজন বা পরিমার্জনের বিষয়েও সিদ্ধান্ত নেয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাত দলের মধ্যে রাজনৈতিক কৌশল, সাংগঠনিক কাঠামো ও ঐক্যের পরিধি নিয়ে মতপার্থক্য রয়েছে। এসব মতভেদ দূর করে একটি সমন্বিত রূপরেখা প্রণয়নই বৈঠকের প্রধান লক্ষ্য ছিল।
বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশের আলেমসমাজ ও সর্বস্তরের মুসলিম উম্মাহর আকাঙ্ক্ষা—ইসলামপন্থী দলগুলো একটি প্ল্যাটফর্মে থেকে একসাথে কাজ করবে। এ লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ফর্মুলা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
মুফতি জসীমউদ্দিন আরো বলেন, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে সাতটি দল থেকে তিনজন করে সদস্য নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এ ছাড়া সাত দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
উল্লেখ্য, কওমি ধারার সাত ইসলামী দলের ঐক্য প্রক্রিয়ার যাত্রা শুরু হয় গত ১৬ জুলাই। সেদিন চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজত আমিরের সভাপতিত্বে সাত দলের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হন দলগুলোর নেতারা।
হেফাজতে ইসলামের উদ্যোগে গঠিত সাত সদস্যের উপকমিটি দলগুলোর পৃথক প্রস্তাব পর্যালোচনা করে একটি ‘সমন্বিত রূপরেখা’ তৈরি করে। গত ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় উপকমিটির বৈঠকে এ রূপরেখা তৈরি করা হয়।








