
চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক আটকানোর প্রতিবাদে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা। এতে ওই সড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি চলে।
এর আগে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক রেখে চালকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
চালকদের অভিযোগ, দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় ব্যারিকেড দিয়ে চুয়াডাঙ্গাগামী ব্যাটারিচালিত ইজিবাইক আটক করা হচ্ছে। অনেক সময় আটক করে থানায় নিয়ে গিয়ে দুই হাজার ৬৫০ থেকে দুই হাজার ৮০০ টাকা দিয়ে ছাড়িয়ে নিতে হয়। এ ছাড়া চালকদের মারধরের অভিযোগও করেন তারা।
আন্দোলনকারীরা ফকিরপাড়ার ব্যারিকেড তুলে ব্যাটারিচালিত ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল, চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইক পৌর এলাকার বাইরে চলাচল বন্ধ ও মহাসড়কে লেগুনা চলাচল বন্ধের দাবি জানায়।
পরে দামুড়হুদার ইউএনও লাভলি ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে চালকরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও লাভলি বলেন, ‘ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের সাথে উপজেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’








