গ্রেফতার
গ্রেফতার নাসিমুল ইসলাম। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নাসিমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাসিমুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোদাগরি পৌরসভার সাধারণ সম্পাদক। 

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ইনচার্জ তুহিন মিয়া বলেন, ‘ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন নাসিমুল ইসলাম। তার পাসপোর্ট ও ভিসা যাচাই করে আইনগত জটিলতার তথ্য পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে গোদাগাড়ী থানায় খোঁজখবর নিয়ে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, ‘গোদাগাড়ী থানায় মামলা থাকায় দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একাধিক ধারায় মামলা রয়েছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেফতার নাসিমুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।