
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি দল নগরীর বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের নিজ বাসভবনে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।








