সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী। নয়া দিগন্ত

তফসিল আসে, প্রস্তুতি চলে; কিন্তু ভোট আর হয় না। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সরগরম হয়ে ওঠে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাঠ। প্রার্থীরা প্রস্তুতি নেন, মনোনয়ন ফরম সংগ্রহ ও প্রচার-প্রচারণা শুরু হয়। কিন্তু ভোটের আগেই কোনো না কোনো জটিলতায় থেমে যায় পুরো প্রক্রিয়া।

এবারো তার ব্যতিক্রম হয়নি। গত ২৪ সেপ্টেম্বর আবারো নির্বাচনী তফসিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আদেশে এজাজ আহমদ চৌধুরীকে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তিনি সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ, নতুন ভোটার তালিকা প্রণয়ন এবং নতুন নির্বাচনী তফসিলের মাধ্যমে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।

ফলে গত ১৭ আগস্ট ঘোষিত তফসিলও বাতিল হয়ে গেছে। ওই তফসিল অনুযায়ী ৫ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২৪ পরিচালকসহ ২৭ জন নির্বাচিত হওয়ার কথা ছিল।

দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাচিত নেতৃত্ব ছাড়া চলছে সিলেট চেম্বার। ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন সভাপতি তাহমিন আহমদ আত্মগোপনে চলে গেলে নেতৃত্ব সঙ্কট তৈরি হয়। পরে সভাপতি ও চার পরিচালক পদত্যাগ করলে প্রশাসক নিয়োগ করা হয়।

এরপর ২০২৫ সালের ৪ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোটের মাত্র পাঁচ দিন আগে তা স্থগিত করা হয়। একটি প্যানেলের প্রার্থীরা হাইকোর্টে রিট করলে ২৯ অক্টোবর আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। তবে শেষ পর্যন্ত সেই নির্বাচনও হয়নি।

চলতি বছরের ১৭ আগস্ট নতুন তফসিল ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে আবার আশার সঞ্চার হয়েছিল। কিন্তু এক মাসের ব্যবধানেই তা বাতিল হওয়ায় আবার অনিশ্চয়তায় পড়েছে নির্বাচন।

দীর্ঘদিন নির্বাচিত নেতৃত্ব না থাকায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের মতে, প্রশাসকের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চললেও আমদানি-রফতানি, বিনিয়োগসহ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের কাছে কার্যকর প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত নেতৃত্ব প্রয়োজন।

এখন নতুন প্রশাসকের অধীনে আবার শুরু হবে সদস্য ও ভোটার তালিকা হালনাগাদের কাজ। এরপর ঘোষণা হবে নতুন তফসিল। ব্যবসায়ী মহলের প্রশ্ন— আর কতবার তফসিল হবে, আর কবে হবে সিলেট চেম্বারের ভোট?