
গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র জোবায়েরের হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কলেজটির শিক্ষার্থী ও জুবায়েরের গ্রামবাসী।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন চলাকালে বক্তারা জুবায়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
তুচ্ছ ঘটনা নিয়ে ২৪ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার ঘোড়াদাই গ্রামের জুবায়ের ও তার বাবাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে পার্শ্ববর্তী পুকুরিয়া গ্রামের ১০-১২ জন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জুবায়েরের মৃত্যু হয়।
এ ঘটনায় জুবায়েরের বাবা রমজান ভুইয়া ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। শুক্রবার রাতে হত্যা মামলার অন্যতম এক আসামি স্বপন মোল্লাকে পার্শ্ববর্তী নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়।








