
শিল্পাঞ্চল আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র ও ডিইপিজেড এলাকায় ফুটপাত দখল ও সীমানা প্রাচীর সংলগ্ন স্থানে বসা নিয়ে হকার ও আনসার সদস্যদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে হকাররা মহাসড়কে কাঠ ও আসবাবপত্র ফেলে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৭ই সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়কের ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) পুরাতন জোনের সামনে এঘটনা ঘটে। দুপুর পর্যন্ত উত্তেজনা থাকলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বেও একাধিকবার ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। আজ ডিইপিজেডের সীমানা প্রাচীর ঘেঁষে ও মহাসড়কের পাশে হকাররা বসতে গেলে আনসার সদস্যরা এতে বাঁধা দেয়। হকাররা অন্তত আট থেকে ১০ ফিট জায়গা ছেড়ে দেয়ার দাবি জানালেও ইপিজেড কর্তৃপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে হকাররা কাঠ ও আসবাবপত্র দিয়ে ডিইপিজেড থেকে বলিবদ্র বাজার পর্যন্ত মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখে। এতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে আনসার সদস্য ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন হকার আহত হয়। পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশ ও ডিইপিজেড স্থানীয় প্রশাসনের আশ্বাসে হকাররা সড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আনসার ও হকারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।
তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানান তিনি।








