
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা: মো: নিজাম উদ্দিন নতুন ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সরাইল হাসপাতাল সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় তলা বিশিষ্ট একটি নতুন ভবনের নির্মাণ কাজ ২০২৩ সালে শুরু হয়। ভবনটির এক তলার ছাদ পর্যন্ত আংশিক কাজ হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্টের প্রেক্ষাপটে সরকার পরিবর্তনের পর ভবনটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দুই বছর কাজ বন্ধ থাকার পর নতুন করে কেইএসএস নামের অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি নতুন করে সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হয়ে ভবনের নির্মাণ কাজ শুরু করে।
সকাল সাড়ে ১০টার দিকে ফের নির্মাণ কাজ শুরু হওয়া ভবনটি পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো: আবুল খায়ের। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন ও কেইএসএস ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মো: আলমগীর হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে ঠিকাদার আলমগীর নয়া দিগন্তকে বলেন, ‘প্রায় আট কোটি টাকায় ভবনটির চার তলা কাজ সম্পন্ন করে দিতে চুক্তিবদ্ধ হয়ে ভবন নির্মাণ কাজ শুরু করেছি। প্রতিদিন ৫০ জন শ্রমিক নির্মাণ কাজের সাথে জড়িত থেকে কাজ করবে। আশা করি দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ শেষ হবে।’
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার বলেন, ‘ভবনটির নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেক কষ্ট করতে হয়েছে। নতুন করে ভবনটির নির্মাণ কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। নতুন করে ভবন নির্মাণের কাজ শুরু করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো: নিজাম বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর ভবনটির নির্মাণ কাজ নতুন করে শুরু হয়েছে। এতে হাসপাতালের আবাসন সুবিধা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কুমিল্লা স্বাস্থ্য বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবুল খায়ের বলেন, ‘২০২৭ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজটি নতুন করে শুরু হয়েছে। ইতোমধ্যেই কাজের সার্বিক বিষয়ে তদারকি অব্যাহত রয়েছে। আশা করি যথাসময়ের মধ্যেই নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন হবে।’








