উপনির্বাচন
মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন। নয়া দিগন্ত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই ও বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মির্জা ফয়সল আমিন। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কামরুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। 

মনোনয়ন জমা দেয়ার পর মির্জা ফয়সল আমিন বলেন, ‘ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারা আমাকেই নির্বাচিত করবে।’ 

জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

মনোনয়ন পত্র গ্রহণ করে জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।’ 

এ সময় বিএনপির জেলা সহসভাপতি নূর করিম, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর সাধারণ সম্পাদক তারিক আদনানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দেয়ার পূর্বে সকালে মা-বাবার কবর জিয়ারত করেন মির্জা ফয়সল আমিন। পরে জেলা বিএনপি কার্যালয়ে নির্বাচনে সফলতা কামনা করে নেতাকর্মীদের অংশ গ্রহণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এদিকে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা: মো: খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো: আব্দুল আলীম নিজামি মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং জামায়াতের দেলাওয়ার হোসেনমনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ অক্টোবর। এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশিন।