
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে মো: রমজান মিয়া (৩৫) নামের এক মৎস্যজীবী দল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের এ ঘটনা ঘটে।
রমজান পাকুন্দিয়া সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রমজান মিয়া গোসল করার কথা বলে, মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের ধানক্ষেতের দিকে যান। এরপর দিনভর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, রমজান মিয়া মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।মৃতে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’









