
নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদরাসা সুপারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
মৃত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদরাসার সুপারিনটেনডেন্ট (সুপার) হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাদরাসা থেকে বের হওয়ার পর ফরিদুল নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এর মধ্যে শনিবার সন্ধ্যায় নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের উদ্ধার করা লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনরা ঘটনাস্থলে এসে সেটি ফরিদুলের বলে শনাক্ত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ফরিদুল নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন, ‘দুই দিন আগে তিনি মাদরাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
তিনি আরো বলেন, ‘এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’








