
নোয়াখালীতে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ কার্যক্রম উদ্বোধন করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক সরকারি দপ্তরগুলোর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড, নোয়াখালী জিলা স্কুল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, জেলা প্রশাসন স্কুলসহ বিভিন্ন সরকারি দপ্তরে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি দপ্তরের পাশাপাশি আশপাশের এলাকাও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, নোয়াখালী কোস্টাল কেয়ার (এনসিসি) সাধারণ সম্পাদক এ এস এম নাসিমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।








