ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে
ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়েছে। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এসব ঘর নির্মাণ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার চিৎলা, খাদিমপুর ও গাংনী ইউনিয়নের নির্বাচিত পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: বিল্লাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, সংস্থার সভাপতি মোসা: রোকেয়া বেগম, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসপেয়ারা খাতুন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জবেদা খাতুন, ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ ও টেকসই একটি ঘর শুধু বসবাসের জায়গা নয়; এটি একটি পরিবারের নিরাপত্তা ও মর্যাদার সাথে জড়িত। পিছিয়ে পড়া ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

অনুষ্ঠান শেষে ৫০টি পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়। নতুন ঘর পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।