
ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। চরফ্যাশন পৌরসভার উদ্যোগে এ র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চরফ্যাশন সরকারি কলেজ চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চরফ্যাশন সরকারি কলেজের আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও বনজঙ্গল পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে ইউএনও রুমানা আফরোজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণের ব্যবস্থা নিতে হবে।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।








