ভ্রাম্যমাণ আদালত, অভিযান, জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও কলা পাকাতে নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের দায়ে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।

জানা গেছে, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আল মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকা ও আলম স্টোরকে ১০ হাজার টাকা এবং কলা পাকাতে নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অপরাধে কলা বিক্রেতা রহিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, ‘জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নিষিদ্ধ উপায়ে খাদ্য পাকানোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।