
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা ও টিএন্ডটি কলোনিতে বিশেষ পরিচ্ছন্নতা, লার্ভিসাইড ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক।
উদ্বোধনকালে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনে লার্ভিসাইড প্রয়োগ এবং ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করছে। ধারাবাহিকভাবে নগরীর প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।’
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। নগরবাসীর সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘রাজশাহীকে সুন্দর, সবুজ, নিরাপদ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের কার্যক্রম চলমান রয়েছে।’ এ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি গাছ লাগানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসাথে নগরবাসীর প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
এদিকে নগরীর রেলগেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির দফতর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৬ নম্বর (পশ্চিম) বিএনপির সভাপতি মো: বাবু, ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি মো: জামিল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদ আলী, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরিফসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।








