
কুষ্টিয়ার দৌলতপুরে গাড়ির ধাক্কায় কিফাত মোল্লা (৫০) নামে এক সাইকেলআরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া এলাকার মৃত দবির মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে মাঠের দিকে যাচ্ছিলেন কিফাত মোল্লা। শেহালা মাঠপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।








