বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। নয়া দিগন্ত

পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘চৌমুহনী (বেগমগঞ্জ, নোয়াখালী) থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে প্রকল্প নেয়া হবে।’

Advertisement

তিনি বলেন, ‘এটি নিয়ে ফিজিবিলিটি স্টাডি ও কারিগরি সমীক্ষা চলছে। এক ধাপে সম্ভব না হলে দুই ধাপে হলেও রায়পুরে রেললাইন নেয়ার উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবের সাথে আলোচনা হয়েছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একাদশ ও ডিপ্লোমা প্রথম বর্ষের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘জীবনের শুরুতে ফলাফল খারাপ হলে হতাশ হওয়া যাবে না। কোনো পর্যায়ে ব্যর্থতা এলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের ওপরও গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানের উদ্বোধক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘রায়পুরের সড়ক যোগাযোগ ও শিক্ষা অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। অসম্পূর্ণ উন্নয়নকাজগুলো পর্যায়ক্রমে শেষ করার উদ্যোগ নেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দেশ ও বিদেশে কাজের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে।’

প্রতিষ্ঠাতা অধ্যাপক কাজী ফারুকীর ছেলে শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: কাজী মো: নূর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ নুরুল আমিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।