
চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডাইনামিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: নজরুল ইসলাম বলেন, ‘ওই নারী দীর্ঘদিন মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। আমরা তাকে কয়েকবার খাবার খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। দুপুরের দিকে তার কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানানো হয়। পরে বিকেলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।’
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন মিঠাছড়া এলাকায় ঘোরাফেরা করতেন। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’








