চুরির অভিযোগে বেঁধে রাখা বাবাকে নিজ হাতে রুটি খাওয়াচ্ছে ছোট্ট মেয়ে
চুরির অভিযোগে বেঁধে রাখা বাবাকে নিজ হাতে রুটি খাওয়াচ্ছে ছোট্ট মেয়ে। নয়া দিগন্ত

বাজারের একটি খুঁটির সাথে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে গেল ছোট্ট মেয়ে। এরপর দোকান থেকে রুটি ও চা কিনে এনে নিজের হাতে বাবাকে খাইয়ে দিলো সে।

বাবার প্রতি মেয়ের এই মমতার দৃশ্যটি উপস্থিত মানুষের নজর কাড়ে। পরে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাবাকে দেখতে বাজারে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখে সে একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইলফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। 
ভিডিওতে দেখা যায়, খুঁটির সাথে বাঁধা বাবার পাশে দাঁড়িয়ে মেয়েটি তাকে রুটি ও চা খাওয়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, চুরির অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবাকে খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখে মেয়েটি যেভাবে ছুটে এসে খাবার এনে খাইয়েছে, দৃশ্যটি উপস্থিত অনেকেরই দৃষ্টি কাড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।