আন্তঃনগর ট্রেন, মানববন্ধন
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন। নয়া দিগন্ত

নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে এলাকাবাসী রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন। টানা পাঁচ ঘণ্টা রেলপথ অবরোধের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা দুই মাসের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন চত্বরে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এদিকে অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটিতে অবস্থান করে। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন ডোমার স্টেশনে থামিয়ে রাখা হয়। কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন মির্জাগঞ্জ রেলস্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবাও ব্যাহত হচ্ছে। এসব দাবির দ্রুত বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামেন।

পরে পার্বতীপুর রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানের নেতৃত্বে রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন। এ সময় দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তারা। রেল কর্তৃপরে আশ্বাসে আন্দোলনকারীরা দুই মাসের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় ডোমারর ইউএনও ও ডোমার থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অবরোধ প্রত্যাহারের পর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।