
সিলেটের জৈন্তাপুরে জঙ্গলের ভেতর থেকে একটি বিদেশী দোনলা বন্দুক ও পুলিশের মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই স্থান থেকে আরো দুই রাউন্ড তাজা রাইফেলের গুলিও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার এসআরবি-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় বিদেশী দোনলা বন্দুক উদ্ধার করা হয়। একই জায়গা থেকে জৈন্তাপুর থানার মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলিও উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গোলাবারুদ সেখানে কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআরবি আরো সূত্র জানায়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারিদের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের তথ্য রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ওই চক্রের সাথে সংশ্লিষ্ট কিনা, তা যাচাই করা হচ্ছে। অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’








