
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই চিন্তা করে কাজ করতে হবে। শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শিক্ষার সাথে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে ও সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কী করতে হবে, শিক্ষার মাধ্যমে সেটিও জানা যায়।‘
তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। স্কাউটের সাথে যারা সম্পৃক্ত, তাদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। সমাজের সব জায়গায় স্কাউটের কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া উচিত।’
রাজনীতির বাইরে সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউসুফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: মাঈন উদ্দিন পাঠান প্রমুখ।








