ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। নয়া দিগন্ত

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন।

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনেও আমি ১১ দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা বিপুল সংখ্যক ভোট দিয়ে আমার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন জানিয়েছিলেন। তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তিনি এমপি হন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ আসনে আবার নির্বাচন হবে। এবার ভোটাররা আমাকেই তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা করছি।

মনোনয়নপত্র গ্রহণ করে জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।

এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, এনপিপির জেলা আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, খেলাফত মজলিস নেতা রফিকুল ইসলামসহ ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে জেলা জামায়াত কার্যালয়ে নির্বাচনে সফলতা কামনা করে নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয়।