মাটি খুঁড়ে নাজু আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে
মাটি খুঁড়ে নাজু আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। সংগৃহীত ছবি

নেত্রকোনায় নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর মাটি খুঁড়ে নাজু আক্তার (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রৌহা ইউনিয়নের নগুয়া গ্রামের নদীর তীরের শ্মশান ঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত নাজু আক্তার নেত্রকোনা পৌর এলাকার কাটলী গ্রামের মৃত ইসলাম উদ্দিনের মেয়ে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তার সাবেক স্বামী নগুয়া গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় বছরখানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এ নিয়ে আদালতে একটি মামলাও রয়েছে। ঘটনার দিন গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক স্বামী নুরুল খোরপোশের টাকা দেয়ার কথা বলে মোবাইল ফোনের মাধ্যমে নাজুকে তার বাড়িতে ডেকে নেন। সেই থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোনা মডেল থানায় একটি জিডি করেন। এরপর মডেল থানার পুলিশ তদন্ত শুরু করে। 

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুরুল পুলিশের কাছে স্বীকার করেন, তার সাবেক স্ত্রীকে টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে নগুয়া গ্রামের নদীর তীরে শ্মশান ঘাটের পাশে লাশ পুঁতে রাখেন তিনি। 

এরই প্রেক্ষিতে পুলিশ নুরুলের উপস্থিতিতে তার দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে নাজু আক্তারের লাশ উদ্ধার করে। 

শনিবার নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নয়া দিগন্তকে বলেন, ‘এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কী কী কারণ থাকতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে।’