
রংপুরের পীরগাছা উপজেলায় শাশুড়ির সামনে চড় মারায় বাবা মহুবার রহমানকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেছেন ছেলে হাসানুর রহমান (২২)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহুবার রহমান চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মরহুম ফয়েজ উদ্দিনের ছেলে।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মহুবার রহমানের ছেলে হাসানুর রহমানের সাথে তার শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো ছিল না। সকালে শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। কিন্তু জামাই হাসানুর শাশুড়িকে বসতে এবং খেতে বলেননি। এ নিয়ে জটিলতা তৈরি হলে বাবা মহুবার রহমান ছেলে হাসানুরকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে মহুবার ছেলে হাসানুরকে একটা চড় মারেন।
তিনি আরো জানান, শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজনের সামনে বাবার হাতে চড় খাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি হাসানুর। এ সময় তিনি পাশে থাকা একটি চাকু এনে বাবার পেটে ঢুকিয়ে দেন। এতে প্রচুর রক্ষক্ষরণ শুরু হলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মহুবার রহমান মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত হাসানুরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।








