নবজাতক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নবজাতক শিশুরা। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত শিশুর নরমাল ডেলিভারিতে জন্ম হয়েছে। নবজাতক ও তাদের মা সবাই সুস্থ আছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাত শিশুর নরমাল ডেলিভারিতে জন্ম নেয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা: এয়াকুব নবীর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমে যুক্ত ছিলেন রেনুকা হেমরম (মিডওয়াইফ), তানি বড়ুয়া (মিডওয়াইফ), রাবেয়া আক্তার (মিডওয়াইফ), প্রিয়া চৌধুরী (সিনিয়র নার্স)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজ জানান, মাতৃমৃত্যুর হার কমাতে ও নরমাল ডেলিভারি নিরাপদ করতে এ হাসপাতালে দক্ষ মিডওয়াইফরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে ও দিন দিন নরমাল ডেলিভারিতে প্রসূতিদের আগ্রহ বাড়ছে।

তিনি জানান, হাসপাতালে নিরাপদে এ ডেলিভারি করানো হলে মৃত্যুর ঝুঁকি থাকে না, পাশাপাশি কোনো প্রকার অর্থও ব্যয় হয় না। গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা ও পরমার্শ দেয়া হচ্ছে। এতে নিয়মিত নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে।

নরমাল ডেলিভারি কার্যক্রমে অংশ নেয়া মেডিক্যাল অফিসার, সিনিয়র স্টাফ নার্স সবাইকে ধন্যবাদ জানান তিনি।