
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশকে পরিকল্পিত নৈরাজ্য ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত যুবদলের সহস্রাধিক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। সোনাগাজী পশ্চিম বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোনাগাজী জিরো পয়েন্ট চত্বরে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, ফেনী জেলা যুবদলের সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদী, যুবদল নেতা আলমগীর হোসেন, গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন মিন্টু, যুবদল নেতা শামসুল হক, এনামুল হক প্রমুখ।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য সোনাগাজী উপজেলা যুবদল প্রস্তুত রয়েছে। তাদের কোনো ষড়যন্ত্রের সুযোগ দেয়া হবে না। তারা গত ১৬ বছর দেশকে অস্থিতিশীল করে রেখে মানুষকে অশান্তির মধ্যে রেখেছিল। এখন ভারতে পালিয়ে গিয়ে আবারো দেশকে অস্থিতিশীল করে মানুষকে অশান্তির মধ্যে রাখতে চায়। বিএনপি যুবদলের নেতাকর্মীরা বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন আর বাস্তব হতে দেয়া হবে না।








