
মাদারীপুরের শিবচরে আগুনে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার শেখপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শেখপুর বাজারের নতুন স্ট্যান্ডের একটি মুদি দোকানে আগুনের ঘটনা ঘটে। মুহুর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ওই সময় দোকান বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের মালামাল সব পুড়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি দোকানের মালামাল পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’








