এসএসসি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সংবর্ধনা
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষাথী ও অতিথিরা । নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা শাখা। 

জেলা সভাপতি আনিস আহমেদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন ও বিশেষ অতিথি জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। 

প্রধান আলোচক হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম ও সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিলসহ স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান আলোচকের বক্তব্যে শিবির সেক্রেটারি বলেন, ‘আজকের তরুণ ও কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিবে। মেধা, সততা ও গভীর দেশপ্রেমে বলীয়ান হয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেভাবে শহীদ আবু সাঈদ, মুগ্ধরা নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশকে নির্যাতন, নিপীড়ন ও শোষণের রোষানল থেকে মুক্ত করেছিলেন।’

প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের বলেন, ‘তেমাদের কেবল প্রাতিষ্ঠানিক ফলাফলেই সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে।’

অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত বিপুলসংখ্যক শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় সুধীরা অংশ নেন। 

অনুষ্ঠানে প্রায় ৩০০ কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও দিক-নির্দেশনামূলক উপহার সামগ্রী দেয়া হয়।