
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আজমুল হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জেলার দর্শনা থানার বড় শলুয়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়। নিহত আজমুলের নিজ গ্রামের মসজিদগুলো থেকে নামাজ শেষে শত শত গ্রামবাসী, স্থানীয় যুবক ও শিক্ষার্থী ব্যানার-ফেস্টুন নিয়ে প্রধান সড়কে জড়ো হন। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে আজমুলের বাবা-মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে আজমুলকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
কর্মসূচিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ছাত্রনেতারা বক্তব্য দেন। তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি, এমনকি রাজপথ অবরোধের মতো কর্মসূচি দেয়া হতে পারে বলেও তারা ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুলনার একটি ছাত্রাবাসে আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় চারজনকে প্রধান আসামি এবং আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামিদের গ্রেফতার করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে আজমুলের গ্রামের বাসিন্দারা মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।








