
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, বিরোধী দলসহ জনগণের ন্যায্য দাবি জুলাই সনদ বাস্তবায়ন এ সরকারকে করতেই হবে। বিদ্যুৎ, গ্যাস, তেলসহ বিভিন্ন সেক্টরে সরকারের অব্যবস্থাপনায় বিরোধী দলের সরকারকে দেয়া সহযোগিতার প্রস্তাব গ্রহণ না করায় জনগণ আরো দুর্ভোগের শিকার হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামীর ৩ দফা দাওয়াতসহ ৪ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে জামায়াত নেতাকর্মীদের আরো বেশি কাজ করে যেতে হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহিস সালামের পুরো জীবনই একজন মুমিনের জন্য আদর্শ। আল্লাহর হক এবং বান্দার হক আদায়ের মাধ্যমে মুমিনের কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব।
তিনি বলেন, বিশ্বের আট শ’ কোটি মানুষের মধ্যে আমরা ভাগ্যবান, আল্লাহ আমাদের মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন। তাই মহান রবের দেয়া নির্দেশিত পথে সারাজীবন অতিবাহিত করতে হবে। তার সন্তুষ্টির উদ্দেশ্যে তার দেয়া দ্বীনকে প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাসুক আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত রুকন (সদস্য) শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিনের দারসুল কোরআন ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সদস্য শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসেইন খান, জেলা নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার প্রমুখ।








