বিএনপি, সংঘর্ষ
বিএনপির দুপক্ষের সংঘর্ষের দৃশ্য। নয়া দিগন্ত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষে আহত ২২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন জানান, বিলমাকশা জলমহালটি তিনি গত বছর ইজারা নিয়েছিলেন। এবারও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি সাঈদ বিভিন্নভাবে এতে বাধা দিচ্ছিলেন। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে সাঈদ জলমহালটি দখলের জন্য স্থানীয় লোকজনকে উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেন শাহিন। তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির সভাপতি সাঈদ দাবি করেন, শাহিনের সমর্থকেরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’