
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দসহ তিনজনকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে মিরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশে ট্রাক থেকে একটি ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় তিনজনকে আটক করা হয়।
অভিযানে চারটি ট্রাকে থাকা ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৮ হাজার কেজি সার ছিল। জব্দ সারের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় কোস্ট গার্ড। একই সাথে সার পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘জব্দ করা সার, পাচারে ব্যবহৃত যানবাহন ও বোট এবং আটক তিনজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, ‘কোস্ট গার্ডের অভিযানে আটক তিনজনকে সার ব্যবস্থাপনা আইনে এক হাজার ৪০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদের মুক্তি দেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘ফিশিং বোট থেকে উদ্ধার করা ১৭৫ বস্তা সারের নিলাম কার্যক্রম কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হয়েছে। বাকি সার মিরসরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি মূল্যে নিলাম করা হবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








