হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। ফাইল ছবি

সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকলেও নতুন শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে একজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত একজন রোগী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে আটজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৫৩ জন, সিলেটে ৮০ জন, সুনামগঞ্জে ৮১ জন ও মৌলভীবাজারে ৩৯ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট আফিয়া খানম (৫৪) মারা যান।