সংঘর্ষ
কুমিল্লায় ফল বিক্রিকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১৫ নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নাথেরপেটুয়া বাজারে ফল বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে কয়েকটি যানবাহনের কাচ ভেঙে যায়। এ সময় কিছুক্ষণ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচলও বন্ধ ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাথেরপেটুয়া বাজারে পুজকরা গ্রামের এক ফল বিক্রেতার সাথে জাগির গ্রামের এক নারীর ফল কেনাবেচা নিয়ে কথা-কাটাকাটি হয়। ওই নারী বিষয়টি তার স্বামীকে জানালে তিনি কয়েকজনকে সাথে নিয়ে বাজারে গিয়ে ওই ফল বিক্রেতাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জাগির ও হাতিমারা গ্রামের লোকজনের সাথে নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া ও পুজকরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোহরগঞ্জ, লাকসাম ও নাঙ্গলকোট থানা এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরে বিকেলে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আহমেদ বলেন, পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।