বিক্ষোভ
নোয়াখালীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ  নয়া দিগন্ত

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ৬ দফা দাবিতে চৌমুহনী শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামী ব্যাংক চৌমুহনী শাখার সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হচ্ছে—

চেয়ারম্যানের অপসারণ: অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অপসারণ করা।

স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন: ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

প্রকৃত মালিকানা ও শেয়ার বাজেয়াপ্তকরণ: এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২% শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ করতে হবে এবং মূল উদ্যোক্তা/আদি মালিকদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করা।

চুক্তি নবায়ন ও স্থায়িত্ব: ব্যাংকের পরিচালনা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা যাবে না এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে।

দালাল চক্রের বহিষ্কার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সঙ্কট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে; ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে শনাক্ত করে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে।

বিশেষ ট্রাইব্যুনাল গঠন: আইনি ব্যবস্থায় ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে গ্রাহক ফোরামের নেতারা বলেন, অবিলম্বে দাবি বাস্তবায়ন করতে হবে; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।